ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অপহরণের ৪ ঘন্টা পর হেলাল মন্ডল (৪৫) নামে অপহৃত এক কৃষককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তিনি ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হেলাল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত নফর মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামের ছাবিদুলের বাড়ির সামনে থেকে গতকাল রোববার ২১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া থানা পুলিশ। তবে এসময় অপহরণকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে ঘটনার দিন বিকাল ৪ টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের মাঠে নিজের জমিতে ফসল (খেসারী) নষ্ট করায় চরভাঙ্গুড়া গ্রামের ধনী সরদারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে হেলাল মন্ডল। এক পর্যায়ে সেখান থেকে ধনী সরদারের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার ছোট ভাই শিরো ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাঠের ফসল নষ্টের জের ধরে অপহরণের ঘটনা ঘটে।
