পাবনায় তীব্রশীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ,বেড়েছে শিশুমৃত্যুর হার।


বিশেষ প্রতিনিধিঃ
সারাদেশে শীতের তীব্রতায়  ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক শিশু ও বৃদ্ধ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। পাবনায় হাসপাতাল ঘুরেও দেখা গেছে এমন চিত্র।

পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দু’মাসে সাড়ে ৩ হাজার শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। প্রচন্ড শীতের কারণে নিউমোনিয়া ও ডায়েরিয়াসহ ঠান্ডাজনিত রোগে নভেম্বর থেকে আজ শনিবার (৬ জানুয়ারি) পর্যন্ত এরই মধ্যে জেলায় ৭৫ জন শিশু ও বৃদ্ধ মারা গেছেন। এর মধ্যে চারজন বৃদ্ধ,  বাকিরা শিশু।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরের জেলা পাবনায় বইছে শৈত্যপ্রবাহ। এ কারণে জেলায় দেখা দিয়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ। এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উদ্বিগ্ন অভিভাবকরা ছুঁটছেন বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ পাবনা জেনারেল হাসপাতালে। কিন্তু সেখান থেকেও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা। প্রতিদিনই অন্তত ৩/৪ জন শিশুকে রাজশাহী অথবা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে। সেই সাথে জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। একত্রে তিন শিশুর জন্য ১টি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে।

পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রাবেয়া খাতুন জানান, ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র ৩৩টি। অথচ প্রতিদিন যে হারে শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের সেবা দিতে তাদের হিমসিম খেতে হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, শীত মৌসুমের শুরুতে এবং শীতের শেষদিকে ঠান্ডাজনিত রোগে শিশু আক্রান্ত বৃদ্ধি পায়। শৈতপ্রবাহ অব্যাহত থাকলে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।