বার্তা
সংস্থা পিপ (পাবনা) :
পাবনার স্বাগতম চাইনিজ রেষ্টুরেন্টে হামলা ভাংচুর ও
লুটপাটের ঘটনায় মঙ্গলবার রাতে নুরপুর এলাকার মামুন নামের একজনের নাম উল্লেখ
করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে পাবনা থানায় মামলা রেকর্ড করা হয়েছে।
মামলা নং ০৬ তারিখ ০২/০১/২০১৭ই। এদিকে দোষীদের গ্রেফতারের দাবীতে পাবনা
জেলা হোটেল রেস্তরা মালিক সমিতির নেতৃবৃন্দ এক বিবৃতি দিয়েছেন।
পাবনার স্বাগতম চাইনিজ হোটেল এন্ড
রেষ্টুরেন্টের মালিক সাজ্জাদ হোসেন বাচ্চু তার এজাহের জানান, রোববার রাত
৮টার দিকে মামুন নামের এক যুবকের নেতৃত্বে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী
আকষ্মিক তার মালিকানাধীন স্বাগতম চাইনিজ রেষ্টুরেন্টে হামলা চালায় এবং
ব্যাপক ভাংচুর ও হোটেল ম্যানেজার মাহবুব উল আলম রুবেল (৩০) কে ছুরিকাঘাত
করে। রুবেলের অবস্থা গুরুতর। সে এখনও পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন
আছে। এ ছাড়া হোটেলের ক্যাশ ভেঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে যায়। ঘটনাটি পুলিশকে
তাৎক্ষণিক জানালেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। সোমবার পাবনা থানায় মামলা
দেওয়া হলে মঙ্গলবার তা রেকর্ড করা হয়েছে। তাকে খুন করতেই এই হামলা বলে সে
অভিযোগ করেন।
পাবনা সদর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক
ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সৃষ্ট বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে।
তাৎক্ষনিক পুলিশ গিয়ে ব্যবস্থা গ্রহণ করায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। থানায়
একটি মামল গ্রহণ করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে গতকাল বুধবার পাবনা জেলা হোটেল
রেস্তরা মালিক সমিতির সভাপতি আবু ইসহাক শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল
করিম এবং প্রচার সম্পাদক আজাদ খান এক বিবৃতিতে বলেছেন, পুলিশ আসামী ধরতে
কোন গড়িমসি করলে পরবর্তিতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
