চাকুরী জাতীয়করণের দাবিতে পাবনায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডরদের অবস্থান কর্মসূচী ও সমাবেশ


নিজস্ব প্রতিনিধিঃ
চাকুরী জাতীয়করণের দাবিতে পাবনার সকল ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডররা’ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী ও সমাবেশ করেছেন ।
অাজ মঙ্গলবার ২৩ জানুয়ারি সকাল ১১টা থেকে কর্মবিরতি দিয়ে পাবনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন জেলার ৯টি উপজেলার ৭৪টি ইউনিয়নের ২৪৩টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডররা।

কর্মসুচী চালাকালে সমাবেশে বক্তব্য দেন, সিএইচসিপি এ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার আহবায়ক শাহাবুল ইসলাম সুমন, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব মাসুদুর রহমান সবুজ, সদস্য সোহেল রানা, শাহ আলম, সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকারি বেতন না পাওয়ায় সংসার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অনেকের চাকুরীর বয়সসীমাও শেষ হয়েছে। এখন অন্য কোনো সরকারি চাকুরীতে যাওয়ার সুযোগও নেই। তাই অবিলম্বে সকল সিএইচসিপির চাকুরী জাতীয়করণ করতে সরকার প্রধানের কাছে দাবি জানান ভুক্তভোগীরা।

আগামী ৩১ জানুয়ারির মধ্যে সরকারের তরফে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসলে পহেলা ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা।