পাকশীতে বালুচোরাদের স্বসস্ত্র মহড়া ও গোলাগুলি, আতংকে এলাকাবাসী


শ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারিসকালে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ ভূমিমন্ত্রীর ঈশ্বরদীর বাড়িতে এসে বিচার দাবি করেছেন।

এলাকাবাসী অভিযোগ করে জানান, বুধবার (২৪ জানুয়ারি) রাতে পাকশীর ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের ছেলে যুবলীগ নেতা রকি'র নেতৃত্বে বেশ কয়েকটি মোটর সাইকেল বালু মহাল এলাকায় মহড়া দেয়। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী এগিয়ে এলে মোটরসাইকেল থেকে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী তাদের ধাওয়া দিলে একটি মোটর সাইকেল ফেলেই রকিসহ যুবলীগ নেতা-কর্মীরা পালিয়ে যায়। বিক্ষুব্ধ এলাকাবাসী মোটর সাইকেলটি ভাঙচুর করে।

খবর পেয়ে বুধবার রাতে পুলিশ এবং ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আর বালু উত্তোলন করা হবে না বলে মৌখিকভাবে অঙ্গীকার করলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে রূপপুর এলাকার শতাধিক নারী-পুরুষ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ঈশ্বরদীর বাড়িতে এসে পাকশীর চেয়ারম্যানের বিরুদ্ধে বালু উত্তোলন ও এ নিয়ে সৃষ্ট সমস্যার বিষয়ে অভিযোগ জানান। এসময় মন্ত্রী তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার ও পাকশীর ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসকে ডেকে অতি দ্রুত এই সমস্যার সমাধান করার নির্দেশ দেন।

সেখানে উপস্থিত ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানান, আজ-কালের মধ্যে এলাকাবাসীদের নিয়ে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।

প্রসঙ্গতঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাছাকাছি (৭ কিঃমিঃ) এলাকা থেকে বালু মাটি উত্তোলন করতে সরকার নিষেধাজ্ঞা জারি করলেও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতারা সে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বালু উত্তোলন অব্যাহত রাখায় বালু উত্তোলন বন্ধের দাবিতে নদীর চরে বুধবার বিক্ষোভ ও ঝাড় নিয়ে মিছিল করেন এলাকাবাসী।