পাবনায় অবাঞ্ছিত হলেন ইসলামী বক্তা ড.আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী।


পাবনাঃ
ইসলাম ধর্মের অপব্যাখ্যাকারী ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে বগুড়ার মাওলানা ড. আশরাফ আলিম উল্লাহ সিদ্দিকীকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন ওলামা পরিষদের নেতারা।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে পাবনা প্রেসক্লাবে জেলা ওলামা পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়।

ওলামা পরিষদ নেতারা বলেন, বগুড়া মসজিদে কু’বা সিদ্দিকীয়া দরবার শরীফের মাওলানা ড. আশরাফ আলিম উল্লাহ সিদ্দিকী পাবনার বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল করতে গিয়ে ইসলাম ধর্ম ও মুসলামান সম্পর্কে নানা অপব্যাখ্যা, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ‘‘তাবলীগ জামায়াত, কওমি মাদরাসা, চরমোনাই ও আহলে হাদিস অনুসারীরা মুসলমান নয়, জারজ সন্তান’’ বলে ঘোষণা দিচ্ছেন।

তারা বলেন, তার বক্তব্য শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ ও ফেসাদ সৃষ্টি করার অপপ্রয়াস। তিনি যাতে মুসলমানদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারেন সেজন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান ওলামা পরিষদের নেতারা। একই সাথে ড. আশরাফ আলিম উল্লাহ সিদ্দিকীকে পাবনাসহ সারাদেশে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে পাবনা জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি আহালে সুন্নত ওয়াল জামায়াতপন্থী আলহাজ্ব ড. মুফতি মুহাম্মদ আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী তার বিভিন্ন ওয়াজ মাহফিলে তাবলিগ জামায়াত, কওমি মাদরাসা, আহলে হাদিসসহ কয়েক বিষয়ে বিদ্রুপ মন্তব্য করে আসছেন। ইতোমধ্যে তাকে দেশের অনেক জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।