মাদক ও বাল্যবিবাহ বন্ধ করতে পারলে সমাজ এগিয়ে যাবে- পাবনায় জেলা প্রশাসক মোঃজসিম উদ্দিন


বার্তা সংস্থা পিপ (পাবনা) : 
পাবনার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, মাদক ও বাল্য বিয়ে বন্ধ করতে পারলে সমাজ এগিয়ে যাবে। 
তিনি বলেন, ভাল কাজের মাধ্যমে মানুষের মাঝে নিজেকে প্রতিষ্ঠা করে তুলতে হবে। অসহায় মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে যে আত্মিক প্রশান্তি তা আর অন্য কোন উপায়ে পাওয়া সম্ভব নয়। মানবতার সেবায় যারা কাজ করেন তারা বেঁচে থাকেন যুগ থেকে যুগে। প্রতিটি মানুষ তার নিজস্ব পরিসর থেকে যদি প্রতিবেশি ও পরিচিতজনদের অসহায়ত্বের পাশে দাড়ায়, তবে সমাজে অস্থিরতা কমে যাবে অনেক। সকলকে মানবিক ও নৈতিক মূল্যবোধ নিয়ে কাজ করে যেতে হবে। সমাজকে আলোকিত করার যাত্রায় নিজেকে শামিল করতে হবে। সমাজের নানা অসংগতি দুর করতে উদ্যোগী হতে হবে।
সমাজ থেকে মাদক ও বাল্যবিয়ে রোধ করার জন্য সকলকে ভূমিকা রাখতে হবে। জেলা প্রশাসন যে কোন মানব কল্যাণকর কাজের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকে যারা শিক্ষার্থী তারা আগামীর অভিভাবক। ফলে তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরো অধিক দায়িত্বশীল হতে হবে।
সোমবার দুপুরে শহরের শালগাড়িয়াস্থ আইডিয়াল ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে এস এস টিভির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও মানব সেবায় দুজন স্বেচ্ছায় সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 
এর আগে জেলা প্রশাসক অনুষ্ঠানস্থলে এসে পৌছালো স্কুলের শিক্ষার্থীরা তাকে ফুল ছিটিয়ে তাকে অভিনন্দন জানান। এস এ টিভি দর্শক ফোরামের সদস্যবৃন্দ ও আইডিয়াল স্কুলের অধ্যক্ষসহ শিক্ষকমন্ডলী ফুলেল শুভেচ্ছা জানান নবাগত জেলা প্রশাসককে।