সাঁথিয়া সংবাদদাতাঃ
পাবনার সাঁথিয়ায় এক কিশোর ভ্যান চালককে হত্যা করে তার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসাদুল (৩৫) ও আশরাফুল (৩০) নামে দু’জনকে আটক করেছে। পরস্পর সম্পর্কে তারা দুই ভাই।
পুলিশ জানায়, সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামের দরিদ্র উজ্জলের ছেলে আতাইকুলা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র রনি ছুটির অবসরে অটোভ্যান চালাত।
গত রোববার (২৪ডিসেঃ) অটোভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি না এলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে এবং পুলিশকে অবহিত করে।
এক পর্যায়ে জানা যায়, সাঁথিয়ার অর্জুন নামের এক সাইকেল মেকার ওই দিন একটি অটোভ্যান কেনেন। এ সময় তিনি বিক্রেতার ছবি মোবাইল ফোনে ধারন করে রাখেন।বিষয়টি অর্জুন পুলিশকে জানালে সেই ছবি দেখে আতাইকুলা থানার ওসি মাসুদ রানা অভিযান চালিয়ে তৈলকপি গ্রামের আবুল হোসেনের দুই ছেলে আসাদুল ও আশরাফুলকে আটক করে।
তাদের স্বীকারোক্তিতে সাঁথিয়া থানার দরিজগনাথপুর শ্বশানঘাটের পাশের জঙ্গল থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ঘাতকরা ভ্রাতাদ্বয় মাদক ব্যবসার সাথে জড়িত। ভুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু ইউনুস বলেন, রনির বাবা দরিদ্র হওয়ায় সে স্কুলে লেখাপড়ার পাশাপাশি ছুটির দিনে ও অবসর সময়ে ভ্যান চালিয়ে সংসার চালাতে সাহায্য করতো।
সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মমলা নথি করা হবে।
