পাবনা মোটর মালিক গ্রুপের নির্বাচনকে ঘিরে দু পক্ষের ধস্তাধস্তি


পাবনাঃ
মোটর মালিক গ্রুপের নির্বাচন কে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাবনায়। বানিজ্য সংগঠন বিধিমালা অনুসরণ না করে পাবনা মোটর মালিক গ্রুপের নির্বাচন প্রক্রিয়া শুরু করায় মালিকদের বিবাদমান দু‘পক্ষের মধ্যে এই উত্তেজনাকর পরিস্থিতির ঘটনা ঘটে। 
জানা যায়, নির্বাচনী তফশীলে মনোনয়নপত্র বিক্রির সময়সীমা না থাকায় আজ (শনিবার,২৩ডিসেঃ) পাবনা বাস টার্মিনালের মোটর মালিক গ্রুপ অফিসে মালিকদের দু‘পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শনিবার,২৩ডিসেঃ) বেলা ২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র বিক্রির শেষ সময়। এ সময়ের মধ্যে ২৩ জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু বেলা ২টার পর মোটর মালিকদের একটি অংশ মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে অপর গ্রুপটি বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে মালিকদের দু‘পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
পাবনা সদর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মনোনয়নপত্র বিক্রির সময়ের উল্লেখ না থাকায় জটিলতার সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
তিনি আরও বলেন, ওসি তদন্ত জালাল উদ্দিনের নেতৃত্বে সার্বক্ষণিক একটি টিম সেখানে উপস্থিত ছিল ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য দুই গ্রুপের মাঝে বিরোধ থাকায় দীর্ঘদিন ধরে এই সংগঠনের কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে এই সংগঠন কে সচল করতে নির্বাচনের উদ্যোগ নেয়া হয়। এতে পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আঃ লতিফ বিশ্বাস কে প্রধান করে একটি নির্বাচন প্রস্তুতি কমিটি করা হয়।