বড়দিনে পাবনায় শুরু হয়েছে এবিএম সুমন অভিনীত ‘দাহকাল’-এর শুটিং। এটি পরিচালক ধ্রুব হাসানের অভিষেক সিনেমা।
সুমন মঙ্গলবার দুপুরে মোবাইলে সাংবাদিকদের বলেন, আমরা পাবনা শহরের আবদুল হামিদ রোডে এ মুহূর্তে শুটিং করছি। শহরের আশপাশে আগামী দুই সপ্তাহ শুটিং করব। এরপর যাবো সিলেট। সেখানে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত শুটিং।’
‘দাহকাল’-এ মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে সুমনকে।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের জন্য মহান স্বাধীনতা এনেছেন। তাদের চরিত্রে অভিনয় করতে পারব, বেশ ভালো লাগছে। অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম এ রকম চরিত্রের জন্য।’
সিনেমাটিতে সুমনের বিপরীতে অভিনয় করছেন নবাগত পারমিতা। তাদের চরিত্রের নাম যথাক্রমে আমান ও রেবা। আরো অভিনয় করবেন সাঞ্জু জন ও মিথিলা।
এবিএম সুমনের সিনেমায় অভিষেক হয় ‘অচেনা হৃদয়’ দিয়ে। সর্বশেষ দেখা গেছে বছরের আলোচিত রিলিজ ঢাকা অ্যাটাক’-এ। মুক্তি প্রতিক্ষিত সিনেমা হলো— আদি, বিউটি সার্কাস ও ভ্রমর।
এ নায়ক জানান, তানিম রহমান অংশু পরিচালিত ‘আদি’র শুটিং মার্চে আবারো শুরু হবে। এছাড়া মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’-এর বাকি শুটিং শুরু হবে ফেব্রুয়ারির মধ্যভাগে।
