পাবনাঃ
গত ১১ ডিসেম্বর জনপ্রশাসনে রদবদলে পাবনায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। ফলে পাবনার প্রথম নারী জেলা প্রশাসক রেখা রাণী বালোকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. জসিম উদ্দন। আর রেখা রানী বালোকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপ-পরিচালক করা হয়েছে।
বদলির আদেশ হিসেবে আজ শনিবার (২৩ ডিসেম্বর) তার পাবনায় শেষ দিন। আগামী রবিবার (২৪ ডিসেম্বর) তার নতুন কর্মস্থলে যোগ দেয়ার কথা। তাই পাবনাবাসীকে বিদায় জানিয়ে ফেসবুক প্রোফাইলে স্টাস্ট্যাস দিয়েছেন বিদায়ী জেলা প্রশাসক রেখা রাণী বালো।
পাবনাটাইমস.কমের প্রিয় পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-
“বিদায় প্রিয় পাবনাবাসী
আজ থেকে দুবছর আগে পাবনার জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর এক সংবর্ধনা সভায় বলেছিলাম “ আমি প্রশাসক নই, আমি সেবক।” আমার সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় জেলা প্রশাসকের পদমর্যাদা রক্ষা করেও আমি সুখে-দু:খে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের প্রত্যাশা কতটুকু পুরণ করতে পেরেছি তা জানি না; তবে সর্বস্তরের পাবনাবাসীদের আবেগ-উচ্ছ্বাসপূর্ণ অভিব্যক্তিতে আমি আপ্লুত। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কখনও কারো সাথে যদি অনিচ্ছাকৃত কোনো ত্রুটি করে থাকি আশা করি তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পাবনাবাসীদের মধ্যে নিজ জেলাকে সমৃদ্ধ ও শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তোলার লক্ষে যে জাগরণ সৃষ্টি হয়েছে তা অব্যাহত থাকুক। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা! মহান সৃষ্টিকর্তা সহায় হোক, সকলের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক।”
২০১৬ সালের জানুয়ারিতে পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন রেখা রানী বালো। পাবনা জেলার ১৮৮ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। পাবনায় তার চাকুরী কালীন সময়ে কিছু বিতর্কিত কাজের জন্য সমালোচিত হন। তার পাবনার কর্মময় দিনগুলোর সফলতা ব্যর্থতার যোগ বিয়োগে তিনি ছিলেন সফল। তিনি পাবনার ১৪০তম জেলা প্রশাসক।
