নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সুগার মিলের শ্রমিক কর্মচারীদের বেতন হিসেবে দেয়া হয়েছে চিনি। মার্চ মাস হতে ৭৬৭ জন শ্রমিক কর্মচারীর বকেয়া বেতন বকেয়া রয়েছে বলে জানা গেছে।
তিন মাসের বকেয়া বেতনের পরিমান প্রায় ২ কোটি ৫২ লক্ষ টাকা। মিলের মজুদ থাকা প্রায় ১০ হাজার মে.টন চিনির বর্তমান মজুদের মূল্য প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা।
অর্থের প্রয়োজনে মিলগেটেই একটি সিন্ডিকেটের কাছে বস্তাপ্রতি ১৫০-২০০ টাকা লোকশানে বিক্রির খবর পাওয়া গেছে।
জানা গেছে মিলে ১০ হাজার মেট্রিক টন চিনি অবিক্রিত অবস্থায় পড়ে আছে। মিলগেটে খোলা চিনি প্রতি কেজি ৩৭ টাকা ও প্যাকেট চিনি প্রতি কেজি ৪২ টাকা দরে বিক্রির জন্য নির্ধারিত রয়েছে।
কিন্তু চিনি বিক্রি হচ্ছে না। বাজারে আমদানিকৃত চিনি দেশি চিনির থেকে সাদা হওয়ায় মিষ্টি ব্যাবসায়ীরা আমদানিকৃত চিনি ক্রয় করে থাকে।দেশি চিনি গুনে ও মানে ভাল হওয়া সত্ত্বেও শুধুমাত্র রঙ একটু লালটে হওয়ায় তা আশানুরূপ ভাবে বিক্রি হচ্ছে না।
এদিকে মিলের শ্রমিকরা চিনি নিতে অসন্তোষ প্রকাশ করে সময়মত বেতন দেয়ার দাবি জানিয়েছেন।
